দোলের দিনে
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
রঙ্গময়! এ কী রঙে রাঙাইলে এ নব ভুবন!
কোথায় সে রসলীলা, কোথা সে আনন্দ-বৃন্দাবন?
চির-সুন্দরের সাথে চির-সুন্দরীর হোরিখেলা-
নবীন, বসন্তে আজি কই সেই সুন্দরের মেলা?
পথঘাট তরুলতা রাগরক্ত আবিরে-আবিরে,
কুঙ্কুমের কুয়াশায় ধরণী রাঙিয়ে উঠে ধীরে,
মুখে-হাসি ব্রজবাসী সাজি নব গুলাবে ও ফাগে
রাধাশ্যাম-রসগাথা গাহিয়া চলেছে অনুরাগে,--
সেদিন কোথায় গেল?
চেয়ে দেখি আজি চারিধারে
ব্যথাতুরা বসুন্ধরা ভরিয়া উঠেছে হাহাকারে!
সবল দুর্বলে হানে শক্তিসুরামত্ত দৈত্য দল
নিত্য নব অত্যাচারে বঞ্চিতেরে লাঞ্ছিছে কেবল! জলেস্তলে-অন্তরীক্ষে মরণের ধারাযন্ত্র ছুটে
হিংসা-পিচিকারি মুখে-ভয়ে বিশ্ব শিহরিয়া উঠে!
শক্তিশেল ফাটি পড়ে চারিদিকে কুঙ্কুমের মতো
ছড়ায়ে মৃত্যুর বীজ-সৃষ্টিনাশে উদ্দাম উদ্যত!
নগ্নিকা কালিকা নাচে তাথৈ তাথৈ চারিধারে,
ধূমায়িত ধূমাবতী বিষবাষ্প-আচ্ছন্ন আঁধারে,
রঙ্গময়! এ কী রঙ্গ? কই সে আনন্দ-বৃন্দাবন?
এ যে সর্বনাশা হোলি! এ কী লীলা হেরি, নারায়ণ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।