আচারভ্রংশ
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
কালগুণে এই দেশে, বিপরীত সব।
দেখে শুনে মুখে আর, নাহি সরে রব।।
এক দিকে দ্বিজ তুষ্ট, গোল্লাভোগ দিয়া।
আর দিকে মোল্লা বসে, মুর্গি মাস নিয়া।।
এক দিকে কোষাকুষী, আয়োজন নানা।
আর দিকে টেবিলে, ডেবিলে খায় খানা।।
ভূতের সংসারে এই, হয়েছে অদ্ভুত।
বুড়া পূজে ভূতনাথ, ছোঁড়া পূজে ভূত!
পিতা দেয় গলে সূত্র, পুত্র ফ্যালে কেটে।
বাপ পূজে ভগবতী, ব্যাটা দেয় পেটে!
বৃদ্ধ ধরে পশু-ভাব, জশু-ভাব শিশু।
বুড়া বলে রাধাকৃষ্ণ, ছোঁড়া বলে ঈশু।।
হাসি পায় কান্না আসে, কব আর কাকে?
যায় যায় হিদুয়ানী, আর নাহি থাকে ।।
ওহে কাল কালরূপ, করালবদন।
তোমার রদনযুক্ত, মরালবাহন ।।
দেব-দেবী কত তুমি, করিয়া সংহার।
ভারতের স্বাধীনতা, করিলে আহার।
কিছু বুঝি নাহি পাও, চারি দিক চেয়ে।
এখন ভরাবে পেট, হিন্দুধর্ম খেয়ে?
দোহাই দোহাই কাল, শান্তিগুণ ধর।
উঠ উঠ পান লও, আচমন কর ।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।