তোমার দ্যোতনা আছে—আমি উপদ্রব
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নতুন বাড়িতে গিয়ে কথা তুমি কয়েছো অনেক
অর্কিডের ফুল কত এঁকে দেখিয়েছো
তোমারই দ্যোতনা আছে—আমি উপদ্রব
আমি পেঁপেগাছ পুঁতি পালেদের টবে
আমাকে বলেছো তুমি—'ও বাড়িতে যাও—
ঐ পুরাতন বাড়ি—পিতৃপুরুষের মিউজিয়ম—'
এখন পথের পাশে পড়েছে শিরিষ
অথর্ব-জর্জর
এই পথ দিয়ে তুমি যাবে নাকি আজো
গোরুর গাড়িতে ?
নতুন দালানে শপ বিছিয়েছো রাতে
কে শোনাবে গান
নতুন বাড়িটি ওঠে পুরাতন ভিতে?
আমার একেকদিন মনে পড়ে পূর্ণিমা জাহাজ বিশালাক্ষী-হাটে
পৌঁছালো সহসা
কাপাসীপাড়ার মাঠে শসা
বোনা হয়েছিলো
তার ফুলগুলি থেকে ফলের কথায় আমরা এসেছি ভেসে
এ তো ব্যবসায় আমাদেরই
তুমি লজ্জা পাবে বলে তদারক করো
কাগজে উটের মতো বেঁকে চলো, পিছনে ক্যাকটাস।
যেন তা বাবুর বাড়ি— লোকোত্তর কিছু তুমি
ভালোবাসা মানে বুঝেছিলে হরিণশাবক
আমাদের পুরাতন বাড়িখানি তুমি দেখেছিলে তুমি
যেন তা বাবুর বাড়ি— লোকোত্তর কিছু
তুমি ভালোবাসা মানে বুঝেছিলে হরিণশাবক
তুমি স্বাধীনতা মানে বুঝেছিলে নতুন জানালা স্কাইলাইটের মতো
কিছু পেলে বিছানা সাজাও
তুমি দেহখানি খুলে নতুনে দেখাতে বাসো ভালো
তোমারই দ্যোতনা আছে—আমি উপদ্রব!
আমাকে বলেছো তুমি—'ও বাড়িতে যাও—
ঐ পুরাতন বাড়ি পিতৃপুরুষের মিউজিয়ম—'
অগ্রন্থিত কবিতা
জলপাইগুড়ি
০৮/০১/১৯৬৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।