আমি চাই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মাঝে মাঝে স্পষ্ট কোনো ধ্বংসের ভিতরে আমি ঢুকে যেতে চাই
যেখানে নিষিদ্ধ যাওয়া, সেখানে সার্কাসে—ব্যর্থ, ভাগ্যহত আরেক ক্লাউন
দর্শক কীভাবে বসে ? খেলা দ্যাখে, বগল বাজায় ?
মাঝে মাঝে —
এতো স্পষ্ট, রোদ্দুর পুড়ন্ত তামা, ছেঁড়া জামা, কুহক পথিক
যেভাবে বিচিত্রগামী, যাই আমি—ধ্বংসের ভিতরে ঢুকে মুখোমুখি
দাঁড়াই জীবনে, চোখ মারি, আয়নার স্পর্ধাকে করি কাঁধ ঝেকে কুর্নিশ
এবং ঘরের বাইরে রোদ মিছিমিছি দ্রুত পায়ে হাঁটে
যেন অপিসের শেষে মাইনে আছে, কানাকড়ি আছে আর
পাঞ্জাবি রেস্তরাঁ
থালা-ভরা বুনো মোষ, মত্ত হাতি, মর্কট বেবুন
আমাদের নেশাখোর পেটে আসবে ব'লে যেন প্রহ্লাদ ছড়িয়ে দুই বাহু
নৃত্য করে—রামনাম সত্য, এই গায়
লোকে বলে, এখনো যে চায়
বাড়ি করতে পারে ঐ গড়িয়ার দিকে…
আমি চাই বাড়িটি করিয়া—
একদিন শেষ স্পষ্ট নিজস্ব ধ্বংসের মধ্যে ঢুকে যেতে চাই।
কাব্যগ্রন্থ—
"ভাত নেই, পাথর আছে"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।