জীবন ও মৃত্যু
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
জন্মের মাঝে মৃত্যুর বাস,
সুখের মাঝারে দুখ;
ওরে মন, তুই জেনে-শুনে তবু
কেন বিষণ্ণ মুখ?
ফুলের কোরকে ফলটি হেরিয়া
ব্যথা পেয়েছিস্ কবে?
জীবনের মাঝে মরণে দেখিয়া
নয়ন মুছিতে হবে।
চন্দ্র সূর্য অস্ত যায় সে,
আবার ফিরিয়া উঠে;
ফলটি ফলায়ে ফুল ঝরে যায়,
সেই ফলে ফুল ফুটে!
দিবসের শেষে রাত্রি আসেই-
দিন আর ফিরে না কী?
তোরি সে মৃত্যু-রাত্রির শেষে
দিবস রহিবে বাকি!
মৃত্যুর মানে শেষ নয় শুধু-
নব-জীবনের সূত্র:
দুঃখের কোল ভরি দেখা দেয়
আনন্দ-বরপুত্র!
রে অবিশ্বাসী, সৃষ্টির বিধি
তোরি তরে হবে ভিন্ন?
বিশ্ববিধানে চুনে-চুনে নে রে
এক-ই সে চরম-চিহ্ন।
জীবন-মৃত্যু তাঁহারি সে দান,
তাঁরি দান সুখ-দুখ;
ওরে মন, তুই সেই বিশ্বাসে
বেঁধে নে রে আজ বুক।
সুখ ও দুঃখ-চড়া আর খাদ
উঠে নামে ঘুরে-ঘুরে-
বেজে উঠে তার পূর্ণ রাগিণী
জীবন-যন্ত্র-সুরে!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।