কিসের জন্যে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সমস্ত যন্ত্রণার চেয়ে বড়াে ধরনের যন্ত্রণা পাই
আঁচড়ে কামড়ে নিজেই মরি
গা-ভর্তি ঘা, রক্ত পড়ে,
জিউলি গাছের আঠার মতন রক্ত আমার রক্ত পড়ে -
বড়াে ধরনের যন্ত্রণা পাই কিসের জন্যে নিজে জানি না!
মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে
কারণ, নাকি উড়ােজাহাজ ? কারণ, নাকি হলুদবাড়ি?
বলতে এলে বেঁধে ঠেঙাবাে, কারণ আমার ছ্যাক্ রাগাড়ি
উল্টোপথেই চলবে শুধু , আমি তােমার দেশেও স্বাধীন !
যার করতল নেই সে কাকে ভিক্ষে দেবে ?
যার করতল নেই সে বুকে হাত বুলােবে ?
উলুকঝুলুক করবে এবং বলবে — অসীম
ভালােবাসার রােদন আমার হে কস্তুরী—
এই সমস্ত তুমিই পারো সহ্য করতে, তাের লালসা
সবার দৃষ্টি কেড়ে নিচ্ছে —মন চেতনা কেড়ে নিচ্ছে বলছে,
বেঁধে ফেলাই হলাে, শুভবিবাহ !
অনেক কথা বলবাে বলে উঠেছিলাম মঞ্চে যখন
মিটিং হঠাৎ ভেঙে যাচ্ছে — লম্বা ঘড়ি
গা ঘষছে গােল ঘড়ির সঙ্গে —দুই নাবালক
বলছে, ভারি যন্ত্রণা পাই—
যন্ত্রণা কি চালের কাঁকর ? ফুটবলে ফাঁক? হাঁটুর ব্যথা ?
যন্ত্রণা কি ভালােমানুষ সবার হাতেই তালি বাজাবে?
মিষ্টি খােকন, তােদের লেখা পড়তে পারি
এমন লেখা লেখা না যেমন লম্বালম্বি দীঘির ধারে পথের রেখা !
সমস্ত যন্ত্রণার চেয়ে বড়াে ধরনের যন্ত্রণা পাই
আঁচড়ে কামড়ে নিজেই মরি
গা-ভর্তি ঘা, রক্ত পড়ে,
জিউলি গাছের আঠার মতন রক্ত আমার রক্ত পড়ে —
বড়াে ধরনের যন্ত্রণা পাই কিসের জন্যে নিজে জানি না।
কাব্যগ্রন্থ —
'প্রভু,নষ্ট হয়ে যাই'
প্রকাশকাল
অগাষ্ট-১৯৭২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।