এখন উঠে দাঁড়াও
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখন উঠে দাঁড়াও তোমায় দেখতে– দেখতে ফুরিয়ে যাবো
যেমন বাতির চিবুক, যেমন পাতার শিশির শুকোয় রোদে
উঠে দাঁড়াও এখন তোমায় দেখতে– দেখতে কুড়িয়ে খাবো
গাছ থেকে যা ঝরছে নিচে, দান–মাখা ঐ শুকনো ধুলো
উঠে দাঁড়াও এখন নয় তো বসতে দেখবে কুকুরগুলো।
হাত দুটো যে পঙ্গু নয় তো দেশ জুড়ে আধ্লা ইঁটের
টুকরো কি আর থাকতো পড়ে ?
পিঠখানা ত ঝাঁঝরা কুলোই
উঠে দাঁড়াও এখন নয় তো বসতে দেখবে কুকুরগুলো।
উঁচুর দিকে দেখতে পায় না, নিচুতে চায়—গো–ভাগাড়ে
শকুনসভার রাজকবিকূল পয়ারের পাত্ কাটছে নখে
এক—হাঁটু ফলার ছাড়া তার ভোগ তো আছেই একনাগাড়ে
শ্মশান–ঠাসা হাড়ের বাতাস, সাতমহল জাজ্বল্য চুলো—
উঠে দাঁড়াও এখন নয় তো বসতে দেখবে কুকুরগুলো।
কাব্যগ্রন্থ
'সোনার মাছি খুন করেছি '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।