জঙ্গলে, অন্ধকারে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কান্ হার জঙ্গলে গেছি। জঙ্গলে ঘুরেছি।
বড়-বড় শাল-সেগুন পথ আটকিয়ে ছিল,
তারই মধ্যে পথ গেছে ইনিয়ে-বিনিয়ে,
সেই পথ ধরে গেছি মুক্কির দরজা—
কান্ হার ওপ্রান্তে পড়ে, দেখেছি শুয়োর,
বাঘের লেজের মতো পড়ন্ত রোদ্দুরে
হরিণের পাল চরে, সবুজ ঘাসের
ভিতরে, সাঁতার কাটে যেন প্রজাপতি!
দেখিনি বাঘ বা হাতি—কাঁচাখেকো প্ৰাণী,
ভাল্লুক দেখিনি, কোনো হায়না বা চিতা,
অসংখ্য ময়ূর ছিল ঐতিহ্য বাড়াতে
জঙ্গলের, বনমোরগ উড়ে-উড়ে পড়ছিল বনেটে।
সন্ধে হয়ে ফিরে গেছি, বনবাংলো বনের বাহিরে—
দরজায় কপাট নেই, শুধু আছে কট্কি পর্দাখানি।
তার মধ্যে দিয়ে দেখি বারান্দা ও নিচে ঘা-চরে,
সহস্র বাঘের মতো হরিণের হুঙ্কার, প্রখর
লক্ষ-লক্ষ চোখ জ্বলে, হাওয়া দেয় ভয়ের, শীতের—
এদের পিছনে যদি বাঘ থাকে হিংস্র, ওত পেতে!
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
'সেরা ছড়া' ১লা বৈশাখ-১৪০১
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।