তরণী এবং যাত্রী চলেছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পদ্মের পাতাও আমি সইবো না বুকের উপর।
এ - ই কী তোলপাড় চলছে নদীর কনিষ্ঠে,
দ্যাখো চেয়ে ব'লে, হাতে টান মারে স্বর্ণলতা, দ্যুতিময় নারী।
আমরা কী বুকে নেবো। আমরা কি বলো আমি ...
তুমি তো নিয়েছো স্বর্ণ, গোক্ষুরের মতো হিংস্র যুবা,
সামান্য পদ্মেরা আছে, পদ্মপাতা, পদ্মজা মৌমাছি
এবং অজস্র তুচ্ছ প্রাকৃতিক স্নেহচিহ্ন লোভনীয় দেহে।
কী ঘাড় ফেরালে কেন। লোভনীয় নয়।
—অসভ্য বিচ্ছিরি,
শোনো সেই পদ্মপাতা নিয়ে ভয়ানক কষ্ট হচ্ছে মনে
হাসি আসে নদী দেখে, আহা যেন গরলের স্তূপ ঘোলাচোখ,
কানা, রুগ্ন, কীইবা নেয়নি বুকে?
বিষ্ঠা পোড়া কাঠখড়, অসমঞ্জ যত কিছু ; তবু পদ্ম ...
এ কোনো সমস্যা নয়, স্বর্ণলতা শোনো,
আকাশে হাঁসের বাঁকা মালা ভেসে যায়
হাওয়ায় ভাঙো না তাকে, পারো।
পদ্মকে পেরেছে নদী ছিন্ন; পারে আমাদের দেখি।
তুমি খুব কাছে এসো, মুখের উপর পদ্মকুঁড়ি…
কাব্যগ্রন্থ
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।