ঋত্বিক, তোমার জন্য
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখন নিশ্চিন্ত, মৃত আর ভয় দেখাতে আসবে না
সুদুরের পথে ফেলে দীর্ঘ ছায়া দাঁড়াবে না দ্বারে
ভিতরে ভাঙবে না অস্থি, ঘরবাড়ি – সন্ন্যাসী-সংসার
কিছুই করবে না যাতে মানুষের পাপস্পর্শ আছে
আছে আছে বলে তুমি, যেখানে যা নেই দিতে গেছো
পূর্ণতা পাঁঠার আর শূন্য খাঁ-খাঁ তোমারই সন্ন্যাসী
যা ছিলো, যখন ছিলো তীব্র হয়ে ছিলো তা পাথরে
রূপ ও হৃদয় রক্ত স্বেচ্ছাচার উন্মাদ প্রাণের
ভরসা ও ভয় ছিল পাশাপাশি – নিশ্চিন্ত এখন
উপদ্রুত বাংলাদেশ, আর কেউ নেই যে কড়কাবে
বিদ্যুচ্চাবুকে এই মধ্যবিত্তি, সম্পদ, সন্তোষ
মানুষের । তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে
পোড়া পাথরের মতো পড়ে আছো বাংলাদেশে, পাশে
ঋত্বিক, তোমার জন্যে তুচ্ছ কবি আর্তনাদ করে ।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।