নরবলি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যদি পারো চলে এসো, ঘর ছেড়ে বেরুনো বারণ।
বড়জোর পায়চারি করার নির্দেশ আছে ঘরের ভিতরে,
দেয়ালের চারিদিক ফুটো করে ওরা চোখ রাখে
যাতে না পালিয়ে যাই, মানুষের চোখে ধুলো দিয়ে রাস্তায়,
ফিটনে উঠে কলুটোলা কপালিটোলায়—
পুজো আসছে বলে কিছু কাপড়-চোপড় কিনে পরি !
দোকানে দোকানে খুঁজি বন্ধুদের,
যারা বেড়ে আছে কলকাতার জলপথে পানশি ডোঙা ভাসিয়ে চলেছে—
কাগজের নৌকা নয়, অক্রূর দত্তর লেন থেকে ওরা বেরিয়ে পড়েছে—
ডেটলের গন্ধ ওরা সহ্যই করবে না ।
অসহ্য মুহূর্তে ওরা একদিন কোরাসে চেঁচাবে—
পাগল কোথায় গেছে ছাগলের খোঁজে? কোথায় সে হাসপাতাল?
কোথায় সে বধ্যভূমি, হাড়িকাঠ, পাঁঠা?
বলি তো দিতেই হবে— নরবলি হোক, সে-ই ভালো।
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
' ভালোবেসে ধুলোয় নেমেছি ' অগ্রহায়ণ-১৩৮৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।