সোনালি কাজের ফল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সমস্ত সোনালি কাজ একদিন পুড়ে হবে কালো
বিন্যাস, ঘরের কোণে লেগে যাবে ধুলো-ঝুল সবই
যেন বাড়িঅলা আজ মানুষের আড়ালে বসালো
গেরস্ত বাদুড় আর সঙ্গভীরু শূন্যতার কবি।
এই বাড়ি সামনের ফটকে
এখন নিশ্চিন্তে গরু ঢোকে
সাপটে মুড়িয়ে খায় মানুষের যত্নমাখা গাছ
আনাচ-কানাচ
পূর্ণ ঝুরোঝুরো মঠ-মাটি
একদিন উঠোনে কপাটি, খেলা হতো।
আজ বন্ধ দরজায় অন্তত
তালা দাও, বাড়িঅলা, মানো
সোনালি কাজের ফল ভোগ করে নিশ্চিত বাগানও!
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
'উড়ন্ত সিংহাসন' মাঘ -১৩৮৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।