ও গাছ, আমাকে নাও
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
গাছের ভিতরে যদি যেতে পারি একবার জীবনে
নিজেকে লুকিয়ে রাখতে, মুহূর্তের জন্যে হলে রাজি।
একটি মুহূর্ত আমি একা চাই, জল নয় কাঠ ও পাথরে
প্রতিশ্রুতিহীন কাঠ আমাকে নিজের করে নেবে।
বহুদিন থেকে এই সামান্য বাসনা নিয়ে আমি
জঙ্গলে গিয়েছি রাতে, অন্ধকারে। হারিয়ে গিয়েছি
কোনো শিকড়ের হাত ধরে যেতে চেয়েছি ভিতরে
---- পথ আছে, পথিক একজন।
ও গাছ আমাকে নাও, মুহূর্তের জন্যে হলে নাও
তোমার ভিতরে আমি ধীরে বেড়ে-ওঠা দেখে আসি।
পাথরের মতো স্তব্ধ তুমি নও, সম্প্রীতি রয়েছে
রস আছে, স্নেহ আছে, ভালোবাসা, বিবেচনা আছে,
ও গাছ আমাকে নাও, মুহূর্তের জন্যে হলে নাও।
কাব্যগ্রন্থ -
"মানুষ বড়ো কাঁদছে"-
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।