সাম্প্রতিকী ১৯৬৬
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
১
বুকের মধ্যে চাষ করেছি একপো প্রেমের ধান
তার আবার খাজনা কত
কার যে সর্বনাশ করেছি স্বতই সন্দিহান
সে-ভুলের বাজনা কত
মিষ্টি ফলের তেষ্টা আছে, বাজারে তাই টান
সে কি কেউ কিনতে পারে
আলোর মধ্যে বসে দেখছি জীবন ছত্রাখান
ছিলো না অন্ধকারে!
২
সমস্তটাই প্ররোচনা, সমস্তটাই ফন্দি
বাইরে শুধু ভিড় বাড়াবে ভিতরে তাই বন্দী
বস্তা বস্তা কাঁকর দিলুম উদর রইলো আস্ত
হাত বাড়ালে টিকোনো দায় স্বাধীনতার স্বাস্থ্য
সমস্তটাই প্ররোচনা, সমস্তটাই ফন্দি
বাইরে শুধু ভিড় বাড়াবে ভিতরে তাই বন্দী ।
এক যে ছিলো রাজার প্রাসাদ হাজারটা
তার দরজা রাষ্ট্রপতি ছিলেন কবি, এখন গাঁথেন তরজা
অল্পস্বল্প বিদেশে যান দেশের বাজার মন্দা
খাদ্য চেয়ে করছি মাটি—শিল্প যোজনগন্ধা
সমস্তটাই প্ররোচনা, সমস্তটাই ফন্দি
বাইরে শুধু ভিড় বাড়াবে, ভিতরে তাই বন্দী!
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
'ঈশ্বর থাকেন জলে' বৈশাখ-১৩৮২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।