শিশুর ব্যথা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
বোকা ছেলেটার ভারি মুখ ভার, খেলাধুলা সব মাটি;-হারিয়ে ফেলেছে বাপের-দেওয়া সে রথে কেনা লাল লাঠি! দূর প্রবাসের কাজের তাড়ায় পিতা আজি কাছে নাই, লাঠির সঙ্গে তাঁরি কথাটাই আগে মনে পড়ে তাই;
সেই স্নেহমাখা হাসি মুখখানি যতবার মনে জাগে, ততোবারই চোখে ভরে আসে জল, কিছু ভালো নাহি লাগে!
কাকা এসে বলে-'কী হল রে বোকা, দু-আনা তো তার দাম,-
সে আবার লাঠি-এত কাঁদাকাটি তারি লাগি-আরে রাম!' --বলিতে পারে না, বুঝাতে পারে না ব্যথাটি যে কোনখানে; লাঠির সঙ্গে বাপের কথাটি মনে পড়ে, তাই জানে!
সরল মনের তরল পাতায় বাপের সে ভালোবাসা
অবুঝ গোপনে কোথা কোন্ কোণে বিজনে বেঁধেছে বাসা!
সন্ধ্যাবেলায় দাদা এসে বলে, বিজ্ঞতা পরকাশি-'
এই দ্যাখ্ বোকা, এক টাকা দিয়ে আনিলাম কিনে বাঁশি! ভারি তোর লাঠি দু-আনা দামের! লোকে শুনে হাসে, ছি। কাছে আয় সরে, বাজাবি কী করে, আগে তা শিখিয়ে দি।' কোথায় দু-আনা, কোথা এক টাকা, লাঠির বদলে বাঁশি! শিশুর হৃদয় তবু যে বোঝে না-ভাবিয়া কাঁদি না হাসি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।